images

জাতীয়

পদ্মা সেতুতে চলা বাসে অতিরিক্ত চাঁদা, অ্যাকশনে যাচ্ছে মালিক সমিতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ জুলাই ২০২২, ০৭:২৭ পিএম

পদ্মা সেতু দিয়ে ঢাকা হয়ে দক্ষিণাঞ্চল অভিমুখে চলা বাস থেকে অতিরিক্ত চাঁদা নেওয়ার ঘটনা ঘটেছে। মালিক সমিতির নামে অতিরিক্ত চাঁদা নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। একইসঙ্গে মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের ধার্য করা নির্দেশনার বাইরে কোনো অর্থ যাতে আদায় করা না হয় সেজন্য দক্ষিণাঞ্চলগামী পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ নিশ্চিত করেছেন। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘মঙ্গলবার (২৬ জুলাই) আমরা মালিকদের চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছি। সায়েদাবাদ ও ফুলবাড়িয়া টার্মিনাল থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে চলাচলকারী সব পরিবহন মালিকদের কাছে পাঠানো হয়েছে। আমরা আজকেও বৈঠক করেছি। কীভাবে এটা বন্ধ করা যায় সেটা নিয়ে কাজ করছি।’

জানা গেছে, পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী চলাচলরত বিভিন্ন বাসে অতিরিক্ত চাঁদা আদায় হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক সত্যতা পাওয়া গেছে। তাই চাঁদাবাজি বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের সতর্কতা জারি করে চিঠি দিয়েছে সমিতি।

চিঠিতে বলা হয়- সায়েদাবাদ ও ফুলবাড়িয়া টার্মিনাল থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে চলাচলকারী বিভিন্ন পরিবহনের গাড়ি থেকে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এটি সংগঠন পরিপন্থী এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় বাংলাদেশ পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন কর্তৃক প্রণীত নির্দেশিকার বাইরে কোনো প্রকার অর্থ যাতে আদায় করা না হয় সেজন্য ওই অঞ্চলগামী পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। 

এরপরও যদি অতিরিক্ত চাঁদা আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে অভিযুক্ত পরিবহন কোম্পানির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে এই চিঠিতে।

বিইউ/এইউ