নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৬, ০১:৫২ পিএম
রাজধানীর কলাবাগান এলাকায় দুই ভাইয়ের কথা কাটাকাটির সময় ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্ত নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। আটককৃত ছোট ভাই রাফি জারিয়ান শুদ্ধ।
বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, গতকাল রাত সাড়ে ৯ টার দিকে ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তার হাতে থাকা জিম করার ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তর মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরে রাত একটা দিকে আমরা মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এই ঘটনায় তার ছোট ভাই শুদ্ধকে আটক করা হয়। নিহত সুপান্ত এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।
একেএস/এআরএম