জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী স্থগিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
রোববার (৩১ মে) সংগঠনটির মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে বিভিন্ন সূত্রে চলচ্চিত্রটিতে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গ, ফখরে বাঙাল (রহ.)–এর নামের সঙ্গে আপত্তিকর শব্দচয়ন এবং স্থানীয় আলেম সমাজকে নিয়ে কটূক্তিমূলক উপস্থাপনার অভিযোগ ওঠে। এতে ধর্মপ্রাণ জনগণ ও আলেম সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
তিনি জানান, এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের অংশগ্রহণে গত ২৯ মে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিতর্কিত চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধের দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসন ও জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনী অনুষ্ঠিত হবে না।
মুহিউদ্দীন রাব্বানী বলেন, আয়োজক কর্তৃপক্ষ আপাতত প্রদর্শনী স্থগিতের কথা জানিয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে ধর্মপ্রাণ জনগণ ঘরে বসে থাকবে না—যেকোনো উপায়ে তা প্রতিহত করা হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রদর্শনী ঘিরে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আলেম-ওলামা ও সচেতন নাগরিকদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজের উদ্যোগের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ ছাড়া ই-পাসপোর্ট বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, পাসপোর্টে পুনরায় This passport is valid for all countries of the world except Israel শর্ত পুনর্বহাল জনমতের প্রতিফলন। এজন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।
এমআইকে/এআর