নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৬, ০৬:০৩ পিএম
রাজধানীর রমনা পার্কের বিনোদনের অন্যতম অনুষঙ্গ বোট। মনের শান্তি ও শারীরিক কসরতের জন্য এটি ভাড়া করেন দর্শনার্থীরা। আবার কেউ কেউ শখ করে বোট চালান। তবে ঈদ উপলক্ষে মাত্র ৩০ মিনিট বোট চালাতে গুণতে হচ্ছে ৩০০ টাকা।
শুক্রবার (২৯ মে) বোট ভাড়া নেওয়া দর্শনার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বোট রাইড করতে অপেক্ষায় অনেকে। কিছুক্ষণ পর পরই আসছে মানুষ। কেউ পরিবার-পরিজন, কেউ আবার বন্ধুদের সঙ্গে এনেছেন। কোনো বোট খালি হওয়া মাত্রই তাতে উঠে পড়ছেন দর্শনার্থীরা। লেকের পানিতে মেতে উঠছেন আনন্দে।
রমনা পার্কে ঘুরতে এসে বোটে চড়ার অপেক্ষায় ছিলেন রাইসুল ইসলাম। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।
জানতে চাইলে রাইসুল বলেন, ‘স্ত্রী ও দুই মেয়ে নিয়ে এসেছি। মেয়ে দুইটা বোটে উঠতে চায়। সাধারণত ওদের নিয়ে বের হওয়ার সুযোগ কম পাই। ছুটিতে থাকলেই কেবল মেয়েদের নিয়ে ঘুরতে বের হওয়ার সুযোগ হয়।’
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে বিনোদন বা ঘোরাঘুরির জায়গা কম। তাই রমনা পার্কে আসি সময় পাইলে। এখানে এলে ভালো লাগে।’
কলাবাগান থেকে এসেছেন জাহিদুল ইসলাম। এক ঘণ্টার জন্য তিনি বোট রাইড নিয়েছিলেন। জাহিদ ঢাকা মেইলকে বলেন, বোট ভাড়াটা বেশি হয়ে গেছে। আরও কমে নিলে ভালো হতো। রমনা পার্কে বিনোদন করার মতো বড়দের আর কোনো রাইড নেই। তাই বোট নেওয়া।’
বোটের টিকেট কাউন্টারে থাকা শামসুল আলম ঢাকা মেইলকে বলেন, ‘বৃষ্টি না থাকলে কাস্টমার বেশি থাকে। এখন ঈদের সময় সবার আগ্রহও আছে বোটের প্রতি। নানা জায়গা থেকে অনেকেই পরিবার নিয়ে এসে বোটে চড়েন।’
বোটের ভাড়ার বিষয়ে তিনি দাবি করেন, ‘বোট ভাড়া বেশি নয়, ঠিকই রাখা হচ্ছে। কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়া হচ্ছে।’
এসএইচ/এএইচ