images

জাতীয়

নভোথিয়েটার ও সামরিক জাদুঘর: সকালে ফাঁকা, দুপুরে দর্শনার্থীদের ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ মে ২০২৬, ০৩:৩৩ পিএম

রাজধানীতে ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে সামরিক জাদুঘর ও ভাসানী নভোথিয়েটার তুলনামূলক ফাঁকা ছিল। তবে জুমার নামাজের পর থেকেই এই দুই বিনোদনকেন্দ্রে বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের ভিড়। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দেখা গেছে অনেককে। বেশির ভাগই এসেছেন পরিবার-পরিজন নিয়ে।

দর্শনার্থীদের ভাষ্য, দুপুর গড়ানোর আগেই অন্তত একটি বিনোদনকেন্দ্র ঘুরে অন্যটিতে যেতে চান তারা। এতে অল্প সময়ে বেশি জায়গা ঘোরা সম্ভব হবে বলে মনে করছেন।

শুক্রবার (২৯ মে) জুমার নামাজের পর সরেজমিনে ঘুরে ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

যাত্রাবাড়ী থেকে আসা নিয়ামুল ঢাকায় আছেন দেড় যুগ ধরে। এবার ঈদে বাড়ি যেতে পারেননি। তাই স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের দ্বিতীয় দিনে ঘুরতে বের হয়েছেন।

তিনি বলেন, আজ সারাদিন ঘুরব ভেবেই বের হয়েছি। গত ঈদে বিকেলে এসে ছেলেকে নিয়ে নভোথিয়েটারে ঢুকতে পারিনি। অনেক দীর্ঘ লাইন ছিল। তাই এবার আগে ভাগেই এসে টিকিট কাটছি, যেন দ্রুত ঢুকে ঘুরে বের হতে পারি।

তার পাশে দাঁড়িয়ে থাকা লিটন বলেন, আজ যে গরম, কোথাও যাওয়া কঠিন। খোলা জায়গায় ঘোরাঘুরি করাও কষ্টকর। এখানে অন্তত আরামে অনেক কিছু দেখা যায়।

পাশের সামরিক জাদুঘরেও টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দর্শনার্থীদের। লাইন খুব বেশি দীর্ঘ না হলেও কিছুক্ষণের মধ্যেই ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা করছেন অনেকে। তাই আগেভাগেই ঢুকে সব ঘুরে দেখতে চান তারা।

জামিল আহমেদ এসেছেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে। তিনি বলেন, ঢাকাতেই বড় হয়েছি। আমাদের সময় এসব ছিল না। এখনকার বাচ্চারা বাইরে ঘোরার চেয়ে জাদুঘরে যেতে বেশি পছন্দ করে। তাই তাদের আবদার মেটাতেই নিয়ে এসেছি।

4

তিনি আরও বলেন, সকাল সকাল বের হয়েছি। এখান থেকে আবার জাতীয় জাদুঘরে যাব। সেখানে কী কী আছে, তা নিয়ে ছেলে সকাল থেকেই প্রশ্ন করছে। ওরা তো সারাবছর ঘরেই বন্দী থাকে। তাই আজ ওদের নিয়ে বের হলাম।

শুধু সামরিক জাদুঘর ও ভাসানী নভোথিয়েটার নয়, পাশের জিয়াউর রহমানের মাজার, সবুজে ঘেরা জিয়া উদ্যান এবং জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের লেকপাড়েও ঘুরতে আসছেন অনেকে।

এসব স্থানে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, প্রতি বছর তারা আসেন না। মূলত সন্তানদের আবদারেই বের হওয়া। কেউ কেউ বলেন, সন্তানদের মুক্তিযুদ্ধ, সামরিক ইতিহাস, বিভিন্ন অস্ত্র, বিমান ও হেলিকপ্টার সম্পর্কে জানাতেই তারা সামরিক জাদুঘরে নিয়ে এসেছেন। আবার অনেকে বলেন, বিজ্ঞানভিত্তিক বিষয়গুলো সন্তানদের সামনে তুলে ধরতেই নভোথিয়েটারে এসেছেন তারা। চাঁদ-সূর্য, দিন-রাত কিংবা গ্যালাক্সির বিষয়গুলো ভিজ্যুয়ালি দেখানোর সুযোগ থাকায় শিশুদের আগ্রহও বেশি।

লেকপাড়ে ঘুরছিলেন আজিজুল ইসলাম। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে হাঁটছিলেন তিনি। ছোট দুই মেয়েকে সংসদ ভবন দেখিয়ে বলছিলেন, ওই যে সংসদ ভবন, যেখান থেকে এমপি-মন্ত্রীরা টেলিভিশনে কথা বলেন। বাবার কথা শুনে দুই মেয়েও উচ্ছ্বাস প্রকাশ করে বলে, সংসদ ভবন কত সুন্দর!

এমআইকে/এআর