তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ মে ২০২৬, ০২:৫৪ পিএম
স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে কত শতাংশ চার্জ দেওয়া উচিত, তা নিয়ে অনেকেরই নানা ধরনের ভুল ধারণা থাকে। একশ শতাংশ চার্জ করলে কি ব্যাটারি নষ্ট হয়ে যায় অথবা সারারাত ফোনে চার্জ বসিয়ে রাখা কি আদৌ নিরাপদ—এসব প্রশ্নের সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি।
বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। তাই অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ফোন কি সবসময় একশ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত, নাকি আশির ঘরে চার্জ থামিয়ে দেওয়া ভালো। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুনির নানা মত শোনা যায়। তবে ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে হলে কেবল চার্জ দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি নয়, দৈনন্দিন ব্যবহারের কিছু ছোট ছোট অভ্যাসের দিকেও নজর দেওয়া দরকার।
ফোন একশ শতাংশ পর্যন্ত চার্জ করা কি ভুল? এর সহজ উত্তর হলো—না। ফোন সম্পূর্ণ চার্জ করা ভুল নয় এবং এর ফলে ব্যাটারি ফেটে যাওয়া বা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই এমন উন্নত প্রযুক্তি থাকে, যা ব্যাটারি পুরোপুরি ভরে গেলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং নিয়ন্ত্রণ করে। অর্থাৎ, ফোনে একশ শতাংশ দেখালেও ব্যাটারিতে কোনো অতিরিক্ত বিদ্যুৎ প্রবেশ করে না। তবে প্রতিদিন দীর্ঘ সময় ধরে, বিশেষ করে কোনো গরম পরিবেশে ফোন একশ শতাংশ চার্জে লাগিয়ে রাখলে ধীরে ধীরে ব্যাটারির স্থায়িত্ব কমতে পারে। এর মূল কারণ হলো অতিরিক্ত তাপ এবং ব্যাটারির ওপর তৈরি হওয়া অতিরিক্ত চাপ।
ব্যাটারি বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম-আয়ন ব্যাটারি কুড়ি থেকে আশি শতাংশ চার্জের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। সেই কারণেই এখন অনেক নির্মাতা প্রতিষ্ঠান ফোনে চার্জ সীমা, ব্যাটারি সুরক্ষা এবং অপ্টিমাইজড চার্জিংয়ের মতো আধুনিক সুবিধা দিচ্ছে। উদাহরণস্বরূপ, অ্যাপল তাদের আইফোনে আশির শতাংশ থেকে একশ শতাংশ পর্যন্ত চার্জিং সীমা বেছে নেওয়ার সুযোগ করে দিয়েছে। তাদের মতে, এটি দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
তবে কি সবসময় আশির শতাংশ পর্যন্তই চার্জ করা উচিত? এর উত্তর হলো—অবশ্যই না। আপনি যদি প্রতি দুই থেকে তিন বছর অন্তর নতুন ফোন কেনার অভ্যস্ত হন, তবে একশ শতাংশ চার্জ করা নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু যদি একই ফোন চার থেকে পাঁচ বছর ব্যবহার করার পরিকল্পনা থাকে, তবে আশি বা পঁচাশি শতাংশ পর্যন্ত চার্জ রাখার অভ্যাস ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের জন্য বেশি উপকারী হতে পারে।
ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত তাপ। চার্জিংয়ের সময় ফোন যদি খুব বেশি গরম হয়ে যায়, রোদের মধ্যে পড়ে থাকে কিংবা চার্জে বসিয়ে ভারী গেম খেলা হয়, তবে ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া ফোন হাত থেকে পড়ে যাওয়া বা ব্যাটারিতে জোরালো আঘাত লাগলেও তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একইভাবে ব্যাটারির চার্জ বারবার শূন্য শতাংশে নামিয়ে সম্পূর্ণ শেষ করে দেওয়াও কোনো ভালো অভ্যাস নয়। বরং ব্যাটারির চার্জ কুড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই তা আবার চার্জে বসানো বুদ্ধিমানের কাজ।
নতুন প্রজন্মের স্মার্টফোনগুলোতে সাধারণত অপ্টিমাইজড চার্জিং বা অ্যাডাপ্টিভ চার্জিংয়ের মতো চমৎকার ফিচার থাকে। এই প্রযুক্তিগুলো ব্যবহারকারীর প্রতিদিনের কাজের ধরন বুঝে কিছু সময়ের জন্য চার্জিং স্বয়ংক্রিয়ভাবে থামিয়ে রাখে এবং ঠিক প্রয়োজনের মুহূর্তে ব্যাটারি একশ শতাংশে পূর্ণ করে দেয়। তাই আগের মতো এখন সারারাত ফোন চার্জে বসিয়ে রাখা খুব একটা উদ্বেগের কারণ নয়।
সবচেয়ে সঠিক উপায় হলো আপনার প্রয়োজনের ওপর নির্ভর করা। সারাদিন বেশি ব্যাকআপের দরকার হলে ফোন একশ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্পূর্ণ স্বাভাবিক। অন্যদিকে, দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু টিকিয়ে রাখা লক্ষ্য হলে এবং আশিতেই আপনার কাজ চলে গেলে নির্দিষ্ট চার্জ সীমা ফিচার ব্যবহার করা ভালো। সবকিছুর ওপরে সবচেয়ে জরুরি বিষয় হলো ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা, ভালো মানের চার্জার ব্যবহার করা এবং ব্যাটারি বারবার পুরোপুরি শেষ হতে না দেওয়া। এই সাধারণ অভ্যাসগুলোই আপনার স্মার্টফোনের আয়ু বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করবে।
এজেড