নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৬, ০৯:৪৪ এএম
পবিত্র ঈদুল আজহায় রাজধানীর চিরচেনা ব্যস্ততা যেন হঠাৎই থেমে গেছে। বছরের অধিকাংশ সময় যানজট, কোলাহল আর মানুষের ভিড়ে সরব থাকা রাজধানীর সড়কগুলো ঈদের দিনে অনেকটাই ফাঁকা ও শান্ত। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগরবাসীর বড় একটি অংশ ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ায় সড়কে কমেছে যানবাহনের চাপ, মিলেছে স্বস্তির চলাচল।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও কালশী, নতুনবাজার, বাড্ডা, গুলশান এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ খুবই কম। রিকশা, বাস ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকায় স্বস্তিতে চলাচল করছেন নগরবাসী। অনেক দোকানপাটও বন্ধ রয়েছে।
মিরপুর-১০ নম্বর গোলচত্বরে কথা হয় সিএনজি চালক আব্দুল মালেকের সঙ্গে। তিনি বলেন, ঈদের দিন হওয়ায় যাত্রী কম। তবে রাস্তায় জ্যাম না থাকায় দ্রুত গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। অন্য দিনের তুলনায় আজ গাড়ি চালিয়ে স্বস্তি লাগছে।
কালশী এলাকায় পরিবারের সঙ্গে নামাজে বের হয়েছেন বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম। তিনি বলেন, সারা বছর মিরপুরে যে পরিমাণ যানজট থাকে, ঈদের দিনে সেটার কোনো চিত্র নেই। নির্ভয়ে ও স্বস্তিতে বের হওয়া যাচ্ছে।
মিরপুর-১ এলাকায় দেখা যায় কিছু মানুষ এখনো গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। বাসের জন্য অপেক্ষায় থাকা শামীমা আক্তার বলেন, সকালে বের হয়েছি। ভিড় কম থাকায় যাত্রাটা সহজ হবে বলে মনে হচ্ছে। ঈদের সময় পরিবারের কাছে যেতে পারলেই ভালো লাগে।
মিরপুর ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, ঈদের দিন রাজধানীতে যানবাহন কম থাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা সহজ হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
প্রধান সড়ক ছাড়া মিরপুরের অলিগলিতেও ছিল নীরবতা। প্রতিদিন যেখানে মানুষের হাঁকডাক আর যানবাহনের শব্দে মুখর থাকে এলাকা, সেখানে আজ অনেকটাই শান্ত পরিবেশ দেখা গেছে। তবে বিকেলের দিকে বিনোদনকেন্দ্র ও পার্কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এএইচ/এমআর