ঢাকা মেইল ডেস্ক
২৭ মে ২০২৬, ১১:০০ পিএম
বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা। আজকের রাত পোহালেই বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে দেশব্যাপী পালিত হবে মুসলিমদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব। আল্লাহর সন্তুষ্টি কামনায় দেওয়া হবে পশু কোরবানি। ঈদের খুশি ছড়িয়ে যাবে সারাদেশে।
তবে শুধু বাংলাদেশ নয়, বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপে অবস্থিত অত্যন্ত ধনী ও রাজতান্ত্রিক ইসলামী রাষ্ট্র ব্রুনাইতেও।
দেশটির পক্ষ থেকে জানানো হয়, সেখানে নির্দিষ্ট দিনে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে (বৃহস্পতিবার) উদযাপিত হবে। সেই হিসেবে ব্রুনাইতে আরাফা দিবস পালিত হয়েছে আজ বুধবার (২৭ মে)।
অন্যদিকে বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয় গত ১৮ মে। সেদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়, ২৮ মে সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
এই উৎসবকে ঘিরে দেশব্যাপী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বড় এবং ঐতিহাসিক ঈদগাহ ময়দানগুলোতে র্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। আরও অংশ নেবেন বিভিন্ন দলের শীর্ষ নেতা ও সরকারি কর্মকর্তারা।
অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে।
এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ এবং ব্রুনাই ছাড়াও ভারতের অধিকাংশ রাজ্যে, শ্রীলংকায়, গায়নায়, কোমোরোসে, দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে এবং সাউথ আফ্রিকাতেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার কোন কোন দেশে ঈদ উদযাপিত হলো?
রোজার ঈদ হোক বা কোরবানির ঈদ, বাংলাদেশের একদিন আগে সাধারণত সৌদি আরবে এই উৎসব পালন করা হয়। সেই রীতি অনুযায়ী বুধবার (২৭ মে) সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
দেশটিতে গত ১৭ মে চাঁদ দেখা যাওয়ার কথা জানানো হয়। সেদিন ২৭ মে ঈদুল আজহার তারিখও ঘোষণা করা হয়। সেই মতো আজ (বুধবার) ঈদুল আজহা পালিত হয়েছে সৌদিতে। আর আরাফাত দিবস পালিত হয় গত মঙ্গলবার (২৬ মে)।
সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ইরানসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে এবং যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশেই আজ বুধবার (২৭ মে) পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।
এএইচ