Dhaka Mail Logo

জাতীয়

বৃষ্টিতে ম্লান ঈদ আনন্দ, দুর্ভোগে ঘরমুখো মানুষ; স্থবির পশুর হাট

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ মে ২০২৬, ১১:১১ এএম

পবিত্র ঈদুল আজহা আর মাত্র এক দিন বাকি। কিন্তু ঈদকে ঘিরে স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ থাকার কথা থাকলেও টানা বৃষ্টি আর বৈরি আবহাওয়ার কারণে তা অনেকটাই ম্লান হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও ভারী বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। এতে ঈদযাত্রা যেমন দুর্ভোগে পরিণত হয়েছে, তেমনি স্থবির হয়ে পড়েছে কোরবানির পশুর হাটের বেচাকেনাও।

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও ভারী বৃষ্টির কারণে সড়ক ও রেলপথে দুর্ভোগ কয়েকগুণ বেড়েছে। বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে যাত্রীদের ছাতা মাথায় কিংবা ভিজে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। কোথাও যানজট, কোথাও ধীরগতির কারণে যাত্রাপথও দীর্ঘ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও শিশুদের নিয়ে যাত্রা করা পরিবারগুলো। অনেক যাত্রী জানিয়েছেন, ঈদের আনন্দের চেয়ে নিরাপদে বাড়ি পৌঁছানোই এখন তাদের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

rainটানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কোরবানির পশু ব্যবসায়ীরাও। ঈদের আগের দিনেও রাজধানীর বিভিন্ন পশুর হাটে কাদা ও জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, খারাপ আবহাওয়ার কারণে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। ফলে এখনো বিপুল সংখ্যক পশু এখনো বিক্রি হয়নি। শেষ মুহূর্তে ভালো বিক্রির আশা নিয়ে দূর-দূরান্ত থেকে পশু নিয়ে এলেও বৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না অনেক বিক্রেতা। বিভিন্ন হাটে পশু রাখার জায়গা কাদায় পরিণত হওয়ায় পশু সামলাতেও বাড়তি ভোগান্তি হচ্ছে। এতে খরচ বাড়লেও বিক্রি কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন তারা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক।

rain-2আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। একইসঙ্গে বৃষ্টিপাতের পরিধিও বাড়বে।

সরকারি সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন ও এর পরবর্তী সময়েও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। যদিও এই বৃষ্টিপাত তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিচ্ছে, তবে ঈদকে ঘিরে স্বাভাবিক আনন্দ-উৎসবে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ঘরমুখো মানুষের দুর্ভোগ, পশুর হাটে স্থবিরতা ও ঈদ প্রস্তুতির গতি কমে যাওয়ায় এবারের ঈদের আগমুহূর্তে দেখা দিয়েছে ভিন্ন চিত্র।

টিএই/এমআর