images

জাতীয়

৭ জেলায় সড়কে ১২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

২৬ মে ২০২৬, ১০:৫৬ পিএম

ঈদযাত্রায় আজও সড়কে ঝরেছে ১২ প্রাণ। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাত পর্যন্ত দেশের ৭ জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।  এর মধ্যে সিরাজগঞ্জে তিনজন, বরিশালে তিনজন, সাতক্ষীরায় দুইজন, খুলনায় একজন, ফরিদপুরে একজন, জামালপুরে একজন ও চাঁদপুরে একজন মারা গেছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সিরাজঞ্জে ৩ 

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সলঙ্গা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সলঙ্গা থানাধীন ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ নিয়ে গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা মরদেহগুলো উদ্ধার করে থানায় এনেছি। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। তবে, তারা সবাই পুরুষ।

বরিশালে ৩  

বরিশালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত।

স্থানীয় লোকজন জানান, যানজটের কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মোটরসাইকেলটি। বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে একই পরিবারে তিনজন মারা যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে থানা-পুলিশ।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের আব্দুল হাকিমের ছেলে। ধারণা করা হচ্ছে তিনি পরিবার নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
 
সাতক্ষীরায় ২  

সাতক্ষীরায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনায় ১  

খুলনার কয়রায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছরের শিশুপুত্রসহ আরও তিনজন আহত হয়েছেন।
 
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ফরিদপুরে ১  

ঢাকা-বরিশাল মহাসড়কের নুরুমিয়া বাইপাস সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মিম খাতুন (২৬)। তিনি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকার জব্বার শেখের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ব্রাহ্মণকান্দা বাজার বাইপাস সড়কের প্রশান্ত দাসের স-মিলের সামনে ভোরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই নারী নিহত হয়েছেন।  

জামালপুরে ১  

জামালপুর সদরে বালুবাহী ড্রামট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে রত্না ভানু (৪৭) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালক রিপন। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রত্না ভানু শেরপুর জেলার নকলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভোরে বালুবাহী একটি ড্রামট্রাকের সঙ্গে একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রত্না ভানুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
 
চাঁদপুরে শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধক্কায় মিম আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সড়কের অনি-রনি ব্রিকস্-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

মিম আক্তার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এএম/এআরএম