images

জাতীয়

কমলাপুরে জনস্রোত, তিল ধারণের ঠাঁই নেই স্টেশনে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ মে ২০২৬, ১২:১০ পিএম

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে সরকারি-বেসরকারি অধিকাংশ অফিস-আদালতে ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। নিরাপদ ও তুলনামূলক স্বস্তিদায়ক ভ্রমণের জন্য অনেকের প্রথম পছন্দ ট্রেন। ফলে কয়েকদিন ধরেই ঈদযাত্রায় ব্যস্ত কমলাপুর রেলওয়ে স্টেশন, আর মঙ্গলবার সেখানে দেখা গেছে জনস্রোত।

মঙ্গলবার (২৬ মে) ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য যাত্রীরা ভিড় করেন দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে। পরিবার-পরিজন, শিশু সন্তান ও লাগেজ নিয়ে যাত্রীরা ট্রেন ধরতে স্টেশনে এসে অপেক্ষা করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম ও স্টেশন এলাকায় মানুষের চাপ আরও বাড়তে থাকে। অনেক ট্রেনে আসন না পেয়ে কিছু যাত্রীকে ছাদে উঠেও যাত্রা করতে দেখা গেছে।

train-dm-1স্টেশনজুড়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র‍্যাব, আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্টেশনের প্রবেশপথ ও প্ল্যাটফর্ম এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সাধারণত ছাদ বা বাম্পারে যাত্রী ভ্রমণ ঠেকানোর চেষ্টা করা হয়। তবে ঈদযাত্রায় যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই মানবিক দিক বিবেচনা করতে হচ্ছে।

train-dm-2তিনি আরো বলেন, এক হাজার আসনের বিপরীতে কয়েক হাজার যাত্রী স্টেশনে উপস্থিত হচ্ছেন। অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ, যারা পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন।

স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ঈদে বাড়ি ফেরার আনন্দও ছিল স্পষ্ট। কেউ প্ল্যাটফর্মে বসে সময় কাটাচ্ছেন, কেউ পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছেন। শিশুদের মধ্যেও ছিল বাড়ি যাওয়ার উচ্ছ্বাস।

train-dm-4স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ২০টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সারাদিনে মোট ৬৮টি ট্রেন ঢাকা ছাড়ার কথা রয়েছে। বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে গেলেও দুটি ট্রেন বিলম্বে ছেড়ে যাওয়ায় কিছু যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে ঢাকা স্টেশন ছাড়ে। এছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল সোয়া ১০টায় ছাড়ার কথা থাকলেও সেটির নতুন সময় নির্ধারণ করা হয় সকাল ১০টা ৫৫ মিনিট।

টিএই/এমআর