images

জাতীয়

৪১ দিনেও সন্ধান মেলেনি ডেমরার আওলাদ হোসেনের

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

রাজধানীর ডেমরা থেকে মো. আওলাদ হোসেন খান (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১৪ এপ্রিল সকালে ডেমরার বাহির টেংরা এলাকার বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির ছেলে দিদারুল আলম খান বাদী হয়ে গত ৯ মে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর-৬৪৪।

পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে ডেমরা থানার বাহির টেংরা তালতলা মসজিদ রোডের বাসা থেকে বের হন আওলাদ হোসেন খান। বের হওয়ার সময় তিনি পরিবারকে জানান, সাত থেকে আট দিন পর বাসায় ফিরবেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ফেরেননি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। এতে পরিবার চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে সোমবার (২৫ মে) ডিএমপির ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) রাফছান মোল্লা বলেন, বিষয়টি তদন্তাধীন। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, আওলাদ হোসেন খানের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তাঁর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে। মাথার চুল কালো ও প্রায় এক ইঞ্চি লম্বা। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা শার্ট ও কোট-প্যান্ট।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে বা এ বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে ডেমরা থানা অথবা পরিবারের মোবাইল নম্বর ০১৩০২-২৬৩৯৮৩–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এআর