নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৪:০৫ পিএম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন ও নৌ-সার্ভিস চালু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন। তিনি বলেন, ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেসসচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন ও শাহদাৎ হোসেন স্বাধীন।
মাহাদী আমিন জানান, ঈদের সাত দিন আগে থেকেই বিশেষ মনিটরিং সেল গঠন করে সার্বিক যাত্রাব্যবস্থা তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানিকে কেন্দ্র করে গবাদিপশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশে উৎপাদিত গবাদিপশু খাতের বিকাশ ও বিপণনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাহাদী আমিন বলেন, কোরবানির পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সঠিক সংরক্ষণে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষ উদ্যোগে এ বছর সাধারণ হজযাত্রীদের বিমানভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি এনেছে।
এআর