images

জাতীয়

রাজধানীতে চিপসের কারখানায় অগ্নিকাণ্ডে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২৬, ০২:২৮ পিএম

‎রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি চিপসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন শ্রমিক নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

‎রোববার (২৪ মে) দিবাগত রাত তিনটায় উত্তর বাড্ডার কবরস্থান রোডে আব্দুল্লাহ চিপস ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

‎সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিমা খানম। 

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

নিমা খানম জানান, কারখানাটি ছিল দ্বিতীয় তলা সেমি-পাকা টিনশেড ঘর। আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

‎তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।‎

‎এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ নাসিরুল আমিন বলেন, গতকাল রাতের ঘটনা। অগ্নিকাণ্ডে দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। নিহত দুজন পুরুষ। তারা কারখানাটির শ্রমিক ছিলেন। 

ওসি আরও জানান, দুই শ্রমিকের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পুলিশের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

‎একেএস/এএইচ