নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬, ০৩:৪৬ পিএম
রাজধানীতে জাল টাকা দিয়ে রিকশা ভাড়া পরিশোধের সময় অপু খন্দকার নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ টাকার চারটি ও ২০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৩ মে) রাত ১০টায় সাইন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এক ব্যক্তি রিকশাচালককে ভাড়া দিচ্ছে। এ সময় দূর থেকেই টাকাটা তাদের কাছে সন্দেহজনক মনে হলে কাছে গিয়ে দেখেন, রিকশাচালক বলছেন নোটগুলো জাল। পরে স্থানীয় লোকজন ও ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর সহায়তায় নোটগুলো যাচাই করেন।
তখন নিশ্চিত হওয়া যায়, সেগুলো জাল টাকা। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে দাবি করেন, একটি বিকাশের দোকান থেকে এসব টাকা তাকে দিয়েছে। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মানিব্যাগ তল্লাশি চালায়। এ সময় পুলিশ ৫০০ টাকার চারটি ও ২০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করে। উদ্ধার করা নোটগুলোর মোট পরিমাণ ছিল চার হাজার টাকা।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন, স্বপন নামে এক ব্যক্তির সঙ্গে তার এসব টাকার লেনদেন হয়ে থাকে এবং স্বপনই তাকে জাল টাকাগুলো দিয়েছেন। স্থানীয়দের ধারণা, তারা একটি সংঘবদ্ধ জাল টাকা প্রতারক চক্রের সদস্য।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, আটক অপু জাল নোট দিয়ে রিকশাভাড়া পরিশোধ করছিলেন। স্থানীয় জনগণের সন্দেহ হলে তারা নোটগুলো যাচাই-বাছাই করে জাল বলে নিশ্চিত হন। পরে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান ওসি এ কে এম মাহফুজুল হক।
একেএস/এএইচ