images

জাতীয়

ঘুস নেওয়ায় ওয়েজ আর্নার্স ও প্রবাসী ব্যাংকের তিন কর্মচারী বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে ঘুস নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে ঋণ দেওয়ার কথা বলে ঘুস গ্রহণের অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন পিয়নকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। 

শনিবার (২৩ মে) বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ বাংকের পিয়ন শামিম।

সৌদি আরবে মৃত্যুবরণকারী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাতলাশী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে প্রবাসী কর্মী মো. কাইয়ুমের মৃত্যুর কারণে আর্থিক অনুদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুই কর্মচারী ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে নগদ টাকা নেন। 

অন্যদিকে প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম ভুক্তভোগীকে ঋণ দেওয়ার কথা বলে অনৈতিকভাবে টাকা নেন। এসব বিষয়ে ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে অভিযোগ দেন। 

প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে অভিযুক্তদের দফতরে যান, অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। কর্মচারীদের এমন আচরণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং তা শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের নিজ নিজ বিধি অনুযায়ী আজ শনিবার (২৩ মে) থেকে তাদের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি মোতাবেক তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী এবং তাদের পরিবারের সেবা প্রদানে দেশে এবং দূতাবাসে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। প্রবাসীদের সহযোগিতায় কোনো গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না।

এমআইকে/ক.ম