images

জাতীয়

ভূমি অফিসের কেউ শাসকের রূপ নিলে কঠোর ব্যবস্থা: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

জনগণের সেবা করার মানসিকতা বাদ দিয়ে ভূমি অফিসের কেউ যদি শাসকের ভূমিকা নেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনের সভাকক্ষে ‘ভূমিসেবা মেলা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে আরও গ্রহণযোগ্য করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে আয়োজিত ভূমিসেবা মেলার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয়েছে। 

মিজানুর রহমান বলেন, ফড়িয়া, দালাল এবং মন্ত্রণালয়ের ভেতরে বা বাইরে থেকে যারা দুর্নীতির চেষ্টা করে, তাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের ভূমিসেবা নিশ্চিত করা হবে। ভূমি সংক্রান্ত মামলা জট কমাতে দ্রুতই জাতীয় সংসদে একটি বিল আনা হবে। পাশাপাশি ভূমিসেবা আরও সহজ করতে সব সেবা একটি ছাতার নিচে আনার কাজ চলছে।

দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, এ দেশের মানুষ সবসময় নিজেদের জমিজমা ও পরিবার রক্ষায় দখলদারদের প্রতিহত করেছে। বিদেশিদের মধ্যে আমাদের কোনো প্রভু নেই, সবাই আমাদের বন্ধু। জনগণের জন্য যা ভালো হবে, আমরা সেটাই করব।
 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমির জটিল সমস্যা এক দিনে সমাধান সম্ভব নয়, তবে একটি টেকসই ও আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। 

সচিব জানান, ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে অটোমেশন প্রকল্প দ্রুত এগিয়ে চলছে। এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। এছাড়া দেশের ৬১টি জেলায় নাগরিক সেবা কেন্দ্রের মতো আধুনিক সেবা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী শেষে মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়।

এএইচ/ক.ম