নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৬, ০৭:৪১ পিএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার আসামি গ্রেফতার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের তথ্য জানাতে ডাকা প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে বাতিল করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টা ১৭ মিনিটে ডিএমপির হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, রাত ৮টা ১৫ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ব্রিফিং করার কথা ছিল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলামের।
পরে বিকেল ৫টা ৭ মিনিটে হোয়াটসঅ্যাপে পাঠানো আরেকটি বার্তায় ডিএমপি জানায়, অনিবার্য কারণবশত পল্লবীতে রামিসা হত্যাকাণ্ড সম্পর্কিত ব্রিফিং বাতিল করা হয়েছে। তবে চাঞ্চল্যকর এই ঘটনার ব্রিফিং বাতিলের কারণ জানায়নি ডিএমপি।
ডিএমপির পক্ষ থেকে পাঠানো আগের বার্তায় জানানো হয়েছিল, পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনসংক্রান্ত তথ্য তুলে ধরা হবে। এ জন্য গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছিল।
একেএস/এআর