স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডে আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে।
তিনি বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের৷ আমরা আশা করি সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে৷
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
আরও পড়ুন:
তিনি বলেন, আমরা পেশাদার অনেক অপরাধীদের এবং দীর্ঘদিন আইনের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়িয়েছে আমরা তাদের গ্রেফতার করেছি৷
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, রামিসার ক্ষেত্রেও ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার হয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে।
তিনি আরও জানান, তনুসহ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা কয়েকটি আলোচিত মামলাও তালিকাভুক্ত করা হয়েছে এবং সেগুলো নতুনভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, সেগুলো করার চেষ্টা হচ্ছে। পুলিশের অনেক সংস্কারের চেষ্টা করছি। অনেক কিছু করা বাকি আছে, সেটি মানি। তবে সরকারের বয়স মাত্র তিন মাস।
আইন সংস্কারের বিষয়ে তিনি বলেন, কোনো ঘটনা ঘটলেই আবেগতাড়িত হয়ে দ্রুত আইন বা বিশেষ আদালত গঠন করা উচিত নয়। কঠোর আইন প্রয়োগে অপব্যবহারের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী শিশু রামিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে, যিনি ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের পর হত্যার ‘স্বীকারোক্তি’ দিয়েছেন।
বিইউ/এআর