images

জাতীয়

বলাৎকারের পর আত্মহত্যার প্ররোচনা, অভিযুক্ত শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৬, ০১:২৪ পিএম

রাজধানীর বনশ্রী এলাকায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রতিষ্ঠানটির ১৯ বছর বয়সী আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২০ মে) রাতে পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে রামপুরা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ছাত্রের নাম- মো. শিহাব হোসেন।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সুরতহাল প্রস্তুতের সময় ভুক্তভোগীর পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মো. শিহাব হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদরাসার চারজন ছাত্রের সঙ্গে বিকৃত যৌনচারে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। পরে কর্তৃপক্ষ থানায় এসে এ বিষয়ে শিহাব হোসেনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। সেই এজাহারের পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় নিহত শিশু আব্দুল্লাহর মা মোছা. টুকু আরা খাতুন গত ২০ মে রামপুরা থানায় শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, গত ১৯ মে রাত ১০টার সময় রামপুরা বনশ্রী সি-ব্লকের একটি মাদরাসায় ১০ বছর বয়সী একজন ছাত্র গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ পায় পুলিশ। পরে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর রামপুরা থানার একটি অভিযানিক দল পাবনা জেলার বেড়া থানার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে বুধবার রাতে শিহাবকে গ্রেফতার করে।

একেএস/এমআই