জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ মে ২০২৬, ১২:২৪ পিএম
হাইকেয়ার সোসাইটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় আবারও সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন আরেফিন শামসুল আলামিন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম খান। একইসঙ্গে ট্রেজারার পদে নির্বাচিত হন আসলাম পারভেজ।
রাজধানীর একটি স্থানীয় হোটেল ‘রয়েল আরসালান কিচেন’-এ সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সংগঠনের বিভিন্ন জেলার সভাপতি, প্রধান শিক্ষক ও সদস্যরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আরেফিন শামসুল আলামিন।
বৃহস্পতিবার (২১ মে) আবারও হাইকেয়ার সোসাইটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের রেজিস্ট্রেশন অফিসার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইউনুস মিয়া। পরে হাইকেয়ারের প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হক এবং গত বছরে প্রয়াত হাইকেয়ার সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সভায় মহাসচিব তারিকুল ইসলাম খান বিগত বছরের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। একইসঙ্গে ট্রেজারার আসলাম পারভেজ অডিটকৃত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।
আলোচনা পর্বে বক্তব্য দেন হাইকেয়ার স্কুল রাজশাহীর প্রিন্সিপাল শাহনাজ বেগম, টাঙ্গাইল স্কুলের অধ্যক্ষ ইশরাত জাহান, হাইকেয়ার স্কুল চট্টগ্রামের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, চট্টগ্রাম স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান মোল্লা, সদস্য আহসান গনি শিমুল এবং চাঁপাইনবাবগঞ্জের প্রধান শিক্ষক মোজাম্মেল হক।
বক্তারা হাইকেয়ারের কার্যক্রম আরও সম্প্রসারণ ও বেগবান করতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে হাইকেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মহাসচিব তারিকুল ইসলাম খান হাইকেয়ারের কার্যক্রম পরিচালনায় আর্থিক ও নৈতিক সহায়তা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সদস্যদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে সর্বসম্মতিক্রমে মহাসচিবের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন গৃহীত হয়।
অ্যাডভোকেট আব্দুস সাত্তারকে প্রধান করে এবং আসিফ বিন ইসলাম ও জুলেখা বেগমকে সদস্য করে গঠিত নির্বাচন কমিশন নির্বাচন কার্যক্রম পরিচালনা করে। ১৩টি কার্যনির্বাহী পদের প্রতিটিতে একজন করে প্রার্থী থাকায় সকলকে আগামী দুই বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি (১) পদে সৈয়দ মাহাবুবুর রহমান, সহ-সভাপতি (২) পদে সৈয়দ সাদেক মো. আলী, সহ-সভাপতি (৩) পদে শামসুল হুদা, সহ-সভাপতি (৪) পদে তৌফিক আলী এবং যুগ্ম মহাসচিব পদে ইয়াশফিন শামসুল আলামিন নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন নূরুল ইসলাম চৌধুরী, মীর হাসান ওয়াহিদ টিটু, আবিদা আলী, ফরিদা খাতুন ও গুলশান আরা।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের কর্মীরা।
সভায় আরেফিন শামসুল আলামিন জানান, মোহাম্মদপুরের তাজমহল রোডে ১৩/৮ নম্বর বাড়িটি তাঁর মায়ের নামে ক্রয় করা হয়েছে। বর্তমানে ভবনটির সংস্কারকাজ চলমান রয়েছে এবং আগামী ১ জুন ২০২৬ থেকে এটি সার্বক্ষণিকভাবে হাইকেয়ারের ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে।
এ ঘোষণায় উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। সবশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং অতিথিদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান।
টিএই/এমআই