images

জাতীয়

নিখোঁজের ৫ দিন পর লালবাগে শিশু উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ মে ২০২৬, ০৯:২১ পিএম

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আড়াই বছর বয়সী শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

লালবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ মে) দুপুরের পর লালবাগ থানা এলাকার  শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। বেলা সোয়া ২টায় ঘুম থেকে উঠে শিউলি আক্তার দেখেন তার ২ বছর ৬ মাস বয়সী শিশু সন্তান রাব্বি ইসলাম হাসিব ঘরে নেই। পুত্রবধূ ও স্বামীসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে, ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডি হওয়ার পর পরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে লালবাগ থানা পুলিশের একটি দল। ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের উৎস ও অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। অবশেষে বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী জানান, মূলত শিশুটিকে তার বাবা দ্বিতীয় স্ত্রীর কাছে লুকিয়ে রেখেছিলেন। শিশুর মা থানায় অভিযোগ দেওয়ার পর থেকে কাজ শুরু করে অবশেষে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তিনি কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় শিশুর বাবাকে গ্রেফতার করা হয়নি। শিশুর বাবা রিপন সবজির ব্যবসা করেন। 
 
ওসি জানান, এই শিশুকে তার বাবা প্রায়ই দ্বিতীয় স্ত্রীর কাছে রাখতেন৷ বাবার অভিযোগ শিশুর মা ঠিকভাবে তার যত্ন নেন না৷ ফলে তিনি রাগ করে তার অপর স্ত্রীর কাছে রেখে এসেছিলেন।

লালবাগ থানা সূত্রে জানা যায়, উদ্ধার শিশু রাব্বি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 
এমআইকে/ক.ম