নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ০২:০০ পিএম
রাজধানীর তেজগাঁও এলাকায় বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের কয়েকশ কর্মচারী। এ সময় তেজগাঁও ও আশপাশ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (২০ মে) সকালে তেজগাঁও মূল সড়কে আন্দোলন শুরু করে। পরে পুলিশের অনুরোধে তারা মূল সড়ক থেকে সরে লিংক রোডে অবস্থান নেয়।
স্থানীয়রা জানান, তেজগাঁও লিংক রোডের বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের প্রায় ২০০ থেকে আড়াইশ জন কর্মচারী সড়কের একপাশ বন্ধ করে অবস্থান নেয়। এতে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ব্যাহত হয়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সকালে নাসা গার্মেন্টসের কর্মচারীরা বেতন ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করে। পরে আমাদের অনুরোধে তারা প্রধান সড়ক ছেড়ে সকাল সোয়া ১১ টার দিকে চলে যায়।
এখন তারা প্রধান সড়ক ছেড়ে তাদের গার্মেন্টসের সামনে চলে গেছে। গার্মেন্টস কর্মীদের সাথে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশের টিমসহ সমস্যার সমাধানে বৈঠক চলছে।
একেএস/এআরএম