images

জাতীয়

‘‎খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন ও পুনঃখনন, পানির প্রবাহ বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

‎মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ম্যানেফেস্টো টু অ্যাকশন: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ নির্বাচনি ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন বিষয়ক বক্তৃতায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী। 

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে কৃষি ও কৃষকের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করছে সরকার।

‎তিনি আরো বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সঙ্গে খালের অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎‎ছাত্র রাজনীতি প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন, মেধাবীরা ছাত্র রাজনীতিতে  আসলে যোগ্য নেতৃত্ব ও দেশের সুফল বয়ে আনতে পারবে। জাতীয়  কল্যাণ ও জনস্বার্থে মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসা প্রয়োজন।

‎তিনি আরো বলেন, ইতোমধ্যো পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিম  এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে।

তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা সমাপ্ত হলে দ্রুত প্রকল্প অনুমোদনের আশ্বাস প্রদান করেন মন্ত্রী।

‎‎ডায়ালগে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, নোয়াখালী-৬ আসনের  সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ, সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মো. মোতালেব হোসেন সরকার প্রমুখ।

‎বিইউ/এফএ