images

জাতীয়

খিলগাঁওয়ে বহুতল ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৯ মে ২০২৬, ০৭:১১ এএম

রাজধানীর খিলগাঁওয়ে একটি বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. হাবিবুর রহমান (৪৫) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) রাত ১০টার দিকে খিলগাঁওয়ের একটি আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমান ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহমদপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ওই ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসে আছড়ে পড়ল গাছ, উদ্ধার করল পুলিশ

হাবিবুরকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক আবু তাহের জানান, সোমবার রাত ১০টার দিকে বাসার ছয়তলার ছাদে গিয়েছিলেন হাবিবুর। এর কিছুক্ষণ পর হঠাৎ বাইরে বিকট শব্দ পেয়ে তারা ছুটে যান এবং তাকে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে তিনি অসাবধানতাবশত নাকি অন্য কোনো কারণে ছাদ থেকে নিচে পড়ে গেছেন, সে বিষয়ে বাড়ির মালিক সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিবুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের জন্য বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এজেড