নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৬, ০৬:৫৬ এএম
রাজধানীর গুলশানে তীব্র ঝড়ের কবলে পড়ে একটি মাইক্রোবাসের ওপর গাছের বিশাল ডাল ভেঙে পড়েছে। এতে গাড়ির ভেতরে চার সাংবাদিক ও চালক আটকা পড়লেও ট্রাফিক পুলিশের দ্রুত ও সাহসী তৎপরতায় তারা অলৌকিকভাবে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার হয়েছেন।
গতকাল সোমবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গুলশান-১ চত্বরের দক্ষিণ সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া সংবাদকর্মীরা দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি বলে জানা গেছে।
গুলশান ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মেহেদী হাসান জানান, সোমবার রাতে ডিউটিরত অবস্থায় আকস্মিক তীব্র ঝড় শুরু হলে একটি চলন্ত মাইক্রোবাসের ওপর বড় আকারের গাছের ডাল ভেঙে পড়ে। এতে গাড়িটির দরজা লক হয়ে ভেতরে থাকা আরোহীরা সম্পূর্ণ আটকে যান। একই সময়ে সড়কের পাশে থাকা হাইভোল্টেজ বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায় পড়ে যাওয়ায় জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়।
এই চরম সংকটের মুখে গুলশান-১ চত্বরে দায়িত্বে থাকা ট্রাফিক সদস্য ও সার্জেন্ট ওয়াদুদ তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করেন। একই সঙ্গে তারা বিদ্যুৎ সংযোগের ঝুঁকি মোকাবিলায় দ্রুত ডেসকো (DESCO) এবং গাছ সরানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) অবহিত করেন।
পরে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক চেষ্টার পর মাইক্রোবাসটির দরজা ভেঙে ভেতরে আটকে থাকা চার সাংবাদিক ও চালককে অক্ষত অবস্থায় বের করে আনেন। উদ্ধার হওয়া সাংবাদিকরা জানান, আকস্মিক ঝড় ও চারপাশে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের কারণে তারা চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তারা ট্রাফিক পুলিশের এই দ্রুত ও সময়োপযোগী মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন।
এদিকে, ঝড়ের তাণ্ডবে সড়কের ওপর গাছ ও বৈদ্যুতিক তার পড়ে একাধিক লেনে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে ডিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ডেসকোর সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই গাছ ও তার সরিয়ে সড়ক সচল করা হয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এজেড