images

জাতীয়

সমালোচনার মুখে পিছু হটল অ্যাটকো

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২৬, ০৬:১০ পিএম

টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা–কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করে গতকাল (১৭ মে) একটি নোটিশ জারি করেছিল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। ওই নোটিশে বলা হয়, কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) বা ছাড়পত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

এ নিয়ে সাংবাদিকদের তীব্র প্রতিক্রিয়ার পর নোটিশটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাটকো।

সোমবার (১৮ মে) অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল অ্যাটকোর পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।  

এর আগে গতকাল পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্য কোনো টেলিভিশন চ্যানেলে যোগদানের আগে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক।

ATCO

টেলিভিশন মালিকদের এই সংগঠনটি সদস্য প্রতিষ্ঠানগুলোকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছিল। এর মধ্যে রয়েছে— নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান কোম্পানি বা চ্যানেল থেকে অনাপত্তিপত্র বা ছাড়পত্র গ্রহণ করা এবং অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে তা নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল।

এ ধরনের নির্দেশনা প্রকাশের পর সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এআর