নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৬, ০৫:৫৩ পিএম
প্রতি বছরই ঈদুল আজহার আগে কোরবানির পশু হাটে নেওয়ার সময় বিভিন্ন জায়গায় গাড়ি আটকে চাঁদা দাবি করা হয়। এবার সে ধরনের কোনো বাধা এলে কী করতে হবে, তা বলে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনটি বলেছে, পশু পরিবহনের সময় কোনো ধরনের বাধার সম্মুখীন হলে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে। বিষয়টি যথাযথভাবে পালনের জন্য সব ট্রাক মালিক ও চালকদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনাই দেওয়া হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশু পরিবহনে ট্রাকের সামনে সংশ্লিষ্ট হাটের নাম ও ঠিকানা সুস্পষ্টভাবে ব্যানারে প্রদর্শনের নির্দেশও দিয়েছে সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের যেকোনো স্থান থেকে কোরবানির পশু- গরু, ছাগল, মহিষসহ অন্যান্য পশু ট্রাকে করে যে হাটে বিক্রির জন্য নেওয়া হবে, সেই হাটের নাম ও ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমানভাবে ব্যানারে লিখে রাখতে হবে।
এতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ সহজ হবে এবং রাস্তায় অন্য কারও দ্বারা বাধা বা হয়রানির শিকার হওয়ার আশঙ্কা কমবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ২৮ মে (সম্ভাব্য) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে এরইমধ্যে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে আনা হচ্ছে রঙ-বেরঙের পশু।
এএইচ