নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ০৯:৩২ পিএম
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে। রোববার (১৭ মে) সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় এই তারিখ ঘোষণা করেছে।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় বলেছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে (সোমবার) থেকে শুরু হবে। সেই অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
দেশটির বার্তা সংস্থা আনতারার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজধানী জাকার্তায় আয়োজিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর বলেন, ‘চাঁদের হিসাব ও পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, ১৪৪৭ হিজরি সনের ১ জিলহজ হবে আগামী ১৮ মে। ফলে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে (বুধবার)।’’
ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন ভিন্ন স্থানে পরিচালিত নতুন চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশে ঈদুল আজহা কবে?
বাংলাদেশে আগামী ২৭, ২৮ অথবা ২৯ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ জানা যাবে আগামীকাল (সোমবার)। এদিন সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। তারপরই জানা যাবে তারিখ।
রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে দেশে আগামী ২৮ মে (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২০ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সেক্ষেত্রে দেশে ঈদ পালিত হবে ২৯ মে।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এএইচ