images

জাতীয়

শাহআলী মাজারে ‘গাঁজাখোরদের’ তুলে দেয়ার ঘটনায় গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ মে ২০২৬, ০৬:৩২ এএম

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে কিছু গাঁজাখোরকে মারধর করে তুলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) ও মো. আরমান দেওয়ান (২৯)। 

শনিবার (১৬ মে) দিনের বেলা তাদের গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। 

ওসি জাহাঙ্গীর আলম জানান, রেশমি বেগম নামে এক নারী বাদী হয়ে মামলা করছেন। তার মামলার প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, মামলায় নয়জনকে আসামি করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের গ্রেফতারে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালানো হচ্ছে। 

ঘটনার পর ওসি ঢাকা মেইলকে বলেছিলেন, গত কয়েক দিন ধরে সেই মাজারে গাঁজাসেবন ও মাদক কারবারিদের সংখ্যা বেড়েছে। ফলে আমরা ঘনঘন অভিযান চালাচ্ছি। গতকাল মাজারের রওজার সামনে কিছু উঠতি যুবক ও যুবতি এবং গাঁজাখোররা অবস্থান নেন। সেটি হলো নামাজের স্থান। তারা সেখানে অবস্থান নেওয়ায় মুসল্লিরা বিরক্ত হয়ে তাদেরকে সেখান থেকে তুলে দেন। কিন্তু বিষয়টি রঙ লাগিয়ে একটি রাজনৈতিক দলের লোকজন হামলা করেছে বলে অপ্রচার চালাচ্ছে। প্রকৃত পক্ষে সেখানে কোনো হামলার ঘটনাই ঘটেনি।

মাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে যে ঘটনা ঘটেছে সেটি কোনো হামলার ঘটনা নয়। প্রকৃত পক্ষে মাজারে কিছু গাঁজাখোর অবস্থান নিয়েছিল তাদের তুলে দিতে হয়েছে। তারা সবাই ছিল বহিরাগত। কিন্তু পরে বিষয়টি রঙ লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় যে, শাহআলী মাজারে জামায়াত-শিবিরের লোকজন হামলায় নেতৃত্ব দিয়েছে। 

এমআইকে/ক.ম