জেলা প্রতিনিধি
১৭ মে ২০২৬, ০১:৩৫ এএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা সেতুর উদ্বোধন করতে গিয়ে সংযোগ সড়কের বেহাল অবস্থা ও নির্মাণ কাজের মান দেখে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরধরা সেতু ও এর দুই পাশের সংযোগ সড়কের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনের পর সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজের মান নিয়ে তিনি তীব্র অসন্তোষ জানান।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আমার জীবদ্দশায় এমন বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়িনি। ব্রিজ হয়েছে, কিন্তু মানুষের যাতায়াতের মতো ঠিকমতো রাস্তা নেই। সাড়ে পাঁচ কোটি টাকার ব্রিজ নির্মাণ হয়েছে, অথচ ঠিকাদার এত নিম্নমানের কাজ করেছে, এর আগে এমন কাজ দেখিনি।
রাস্তার তুলনায় সেতুর প্রস্থ বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আগে এ অবস্থার কথা জানলে উদ্বোধন করতে আসতাম না। ব্রিজ ১৮ ফিট হলেও রাস্তা করা হয়েছে ১২ ফিট। হওয়ার কথা ছিল ব্রিজ ১২ ফিট আর রাস্তা ১৮ ফিট। আমি মনে করি এই কাজের তদন্ত হওয়া উচিত। ঠিকাদার কিংবা কোনো প্রকৌশলী অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে আরও ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা এবং স্থানীয় বিএনপি নেতারা।
এর আগে সকালে ফরহাদ হোসেন আজাদ বোদা উপজেলা পরিষদের প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। পরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে এক বান্ডেল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ করেন।
ক.ম/