নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৬, ০৮:৩২ পিএম
রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. নাছির ইসলামকে দেখতে যাবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
আজ শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক নাছিরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন মন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী নিজ এলাকা নরসিংদীতে আছেন। ডা. নাছির ইসলামকে দেখতে তিনি রওয়ানা দিয়েছেন। ঢাকা মেডিকেলে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. নাছিরের চিকিৎসার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করবেন এবং চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে সে বিষয়ে নির্দেশনা দেবেন।
গতকাল শুক্রবার (১৫ মে) রাত ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্ব পালনরত অবস্থায় ডা. নাসির একজন সংকটাপন্ন হৃদরোগীসহ একাধিক জরুরি রোগীর চিকিৎসা করছিলেন। সেখানে অতিরিক্ত রোগীর চাপ, সীমিত জনবল ও প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। ওই রোগী কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত ছিলেন এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল ব্যক্তি হাসপাতালে হামলা চালায় এবং কর্তব্যরত চিকিৎসক ডা. নাছিরকে নির্মমভাবে মারধর করে। হাসপাতালের দরজা-জানালা ভাঙচুর করে হামলাকারীরা চিকিৎসকের উপর আক্রমণ চালায়। আত্মরক্ষার্থে ওয়াশরুমে আশ্রয় নেওয়ার পরও চিকিৎসককে সেখান থেকে টেনে বের করে মারাত্মকভাবে আহত করা হয়।
এ ঘটনায় দায়িত্বরত আনসার সদস্যরাও গুরুতর আহত হয়েছেন। ডা. নাছির ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসএইচ/ক.ম