images

জাতীয়

পূর্ণ ক্ষতিপূরণসহ ৭ দাবি রানা প্লাজা ও তাজরীনের আহত শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

১৬ মে ২০২৬, ০৭:৫২ পিএম

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আন্তর্জাতিক শ্রম সংস্থা) কনভেনশন-১২১ অনুযায়ী পূর্ণ ক্ষতিপূরণ, আজীবন সুচিকিৎসা, স্থায়ী পুনর্বাসন, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরিসহ সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।

তাদের অভিযোগ, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে আহত বহু শ্রমিক এখনো মানবেতর জীবনযাপন করছেন। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অনেকেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে ট্রাস্ট ফান্ড ও বিভিন্ন সংস্থার সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।

শনিবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিক জরিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন, রানা প্লাজার আহত শ্রমিক নিলুফা ইয়াসমিন, শিলা বেগম, নিলুফা বেগম এবং তাজরীন গার্মেন্টসের আহত শ্রমিক মোহাম্মদ আকাশ ও সবিতা রানী।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৪ জন শ্রমিক নিহত হন এবং বহু শ্রমিক গুরুতর আহত হয়ে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন।

এর মাত্র পাঁচ মাস পর, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে অবস্থিত রানা প্লাজা ভবন ধসে বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনায় ১ হাজার ১৩৮ জনের বেশি শ্রমিক নিহত হন এবং আড়াই হাজারের বেশি শ্রমিক আহত হন।

বক্তারা বলেন, সেদিন ভবনে ফাটল দেখা দেওয়ার পরও শ্রমিকদের জোরপূর্বক কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছিল, যা ইতিহাসে পরিকল্পিত শ্রমিক হত্যা হিসেবে চিহ্নিত হয়ে আছে।

দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি জামিনে মুক্ত থাকায় বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্মূল্যায়ন করে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। বিশেষ মেডিকেল টিম গঠন করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। দায়ীদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। অনুদানের স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে।

এছাড়া দায়ী মালিকদের সম্পদ থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন নিশ্চিত করা, শহীদ শ্রমিকদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, ২৪ এপ্রিলকে শ্রমিক হত্যা দিবস ঘোষণা এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর নৈতিক ও আইনি দায়বদ্ধতা নিশ্চিত করার দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

এএইচ/এএইচ