নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৬, ০৪:০২ পিএম
রাজধানীর বনানী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার ও লিফলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ভোরে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মো. আশিক তপেদার। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা এলাকার বাসিন্দা।
শনিবার সকালে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী পুলিশ ফাঁড়ির একটি দল সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় বনানীর ঢাকা-ময়মনসিংহ সড়কের নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে ডলফিন মোড়ে একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থামানো হয়। তখন মোটরসাইকেলে থাকা দুজন দৌড়ে পালিয়ে যায়। পরে মো. আশিক তপেদার নামে একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকের সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন, আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এসব লিফলেট বিতরণের উদ্দেশে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস/এএইচ