images

জাতীয়

প্রধানমন্ত্রীর অপেক্ষায় চাঁদপুর, জেলাজুড়ে সাজ সাজ রব

নিজস্ব প্রতিবেদক

১৬ মে ২০২৬, ০৮:১৬ এএম

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরে গিয়ে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন তিনি।

এর মধ্যে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়ে দলীয় দিকনির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁদপুর জেলা বিএনপি। সরকারপ্রধানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরে একটি অর্থনৈতিক অঞ্চলসহ ইপিজেড নির্মাণ, মতলবের ষাটনল থেকে হাইমচর পর্যন্ত স্থায়ী নদী তীররক্ষা বাঁধ নির্মাণ, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নেতাকর্মীরা নানা দাবি জানাবেন বলে জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ (মানিক)।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথ সভায় অংশ নেবেন।

দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

pm-1বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে চাঁদপুর সফর শেষ করবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে এবং তার মুখে আগামীর উন্নয়নের বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন চাঁদপুরবাসী। বিএনপি নেতাদের দাবি, সরকার প্রধানের আগমনের দিন উৎসবের শহরে পরিণত হবে চাঁদপুর। সরকারপ্রধানের এই সফরে চাঁদপুর অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রায় মান উন্নয়ন ঘটবে বলে আশা করছেন তারা। নানা প্রত্যাশা ও দাবি দাওয়া বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী উন্নয়ন ও দিন বদলের নেতৃত্ব দেবেন বলে আশাবাদী এই জেলার মানুষের।

উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা দলীয় ও সরকারপ্রধানকে চাঁদপুরের উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরবেন বলে জানিয়েছেন।

জেলা মহিলা দলের সভাপতি মুনিরা চৌধুরী বলেন, ‘আমরা চাই প্রধানমন্ত্রী নারীদের অগ্রাধিকার দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত এবং বৈষম্য দূর করে সম–অধিকার প্রতিষ্ঠান করবেন।’

তারেক রহমানের আগমন ঘিরে চাঁদপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, ‘দুটি খাল পুনঃখনন কর্মসূচির পাশাপাশি জেলার রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৩৭০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একইসঙ্গে চাঁদপুর থেকে দেশের ২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। আমরা আশাবাদী খুব ভালোভাবে আয়োজনটি সমাপ্ত করতে পারব।’

এমআর