জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ মে ২০২৬, ১২:২৩ পিএম
রাজধানীর শাহআলী মাজারে হামলার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে ‘অপপ্রচার’ বলে দাবি করেছে পুলিশ। তাদের মতে, মাজারের রওজার সামনে অবস্থান নেওয়া কিছু মাদকসেবীকে মুসল্লিরা সেখান থেকে সরিয়ে দিয়েছেন। হামলার কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘কয়েকদিন ধরে শাহআলী মাজার এলাকায় গাঁজা সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত লোকজনের আনাগোনা বেড়েছে। এ কারণে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।’

আরও পড়ুন: শাহআলী মাজারে অভিযান, মাদকসহ আটক ৭
ওসি জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার রাতে মাজারের রওজার সামনে কিছু উঠতি বয়সী যুবক-যুবতী ও গাঁজাসেবী অবস্থান নেন। জায়গাটি নামাজের জন্য ব্যবহৃত হওয়ায় মুসল্লিরা বিরক্ত হয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেন। তবে ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে একটি রাজনৈতিক দলের লোকজন হামলার গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা খবর পাই, শাহআলী মাজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, এমন কিছুই ঘটেনি। শুধু কিছু লোককে মুসল্লিরা সেখান থেকে বের করে দিয়েছেন।’

মাজার–সংশ্লিষ্ট সূত্রগুলোও বলছে, ঘটনাটি হামলার নয়। তাদের দাবি, মাজার এলাকায় অবস্থান নেওয়া কিছু বহিরাগত গাঁজাসেবীকে সরিয়ে দেওয়া হয়েছে মাত্র।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দাবি করা হয়, শাহআলী মাজারে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে পরে খোঁজ নিয়ে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি। মাদকসেবনের অভিযোগে কয়েকজনকে সরিয়ে দেওয়ার ঘটনাকেই ভিন্নভাবে প্রচার করা হচ্ছে।
এমআইকে/এমআই