নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৬, ১০:১৯ পিএম
রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই গলিতে এলাকারই কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে জিজ্ঞেস করে, শাহিন নামে একজনকে তিনি দেখেছেন কি না। দেখেননি জানাতেই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে৷এক পর্যায়ে সজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন ওই যুবককদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি করে দেয়। ইমনের সাথে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল।
সজিব জানান, গুলি করে তারা পালিয়ে যায়। পরে তিনি রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পাঁজরে একটি গুলি লেগেছে।
আহত রাফির বাবার নাম মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। রফির মা মোমেনা বেগম জানান, রাফি টি শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।
ক.ম/