নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৬, ০২:২৬ পিএম
অনলাইনে বিভিন্ন অ্যাপে জুয়ার মাধ্যমে স্বল্পসময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া নয় প্রতারকের মধ্যে ছয়জন চীনা নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তারা অনলাইন জুয়ার পাশাপাশি সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনে জড়িত।
বৃহস্পতিবার (১৪ মে) ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো— এম এ জাই, ঝাং জিয়াহাও, লিউ জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান, জেমস ঝু, মো. কাউসার হোসেন, আব্দুল কারিম ও রোকন উদ্দিন।
এন এম নাসিরুদ্দিন জানান, বুধবার (১৩ মে) সকালে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমটি নিয়মিত সাইবার মনিটরিংকালে ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ/নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত করে। এসব ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টর থেকে কাউসার, করিম ও রোকনকে এবং একইদিনে সকাল ৯টার পর তুরাগের রুপায়ন হাউজিং এস্টেট এলাকায় চীনা নাগরিক এম এ জাই, ঝাং জিয়াহাও, লিউ জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান, জেমস ঝুকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজতে থাকা ৬৪ পোর্ট বিশিষ্ট GSM/GPRS SIM Module (VoIP GSM Gateway) মেশিন, ১টি ৮পোর্ট বিশিষ্ট GSM/GPRS SIM Module মেশিন, ১টি ২৫৬পোর্ট বিশিষ্ট GSM/GPRS SIM Module মেশিন, বিভিন্ন অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ (Apple MacBook, Lenovo, Asus, HP, Redmi), ২০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, নগদ প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি নাগরিকদের পাসপোর্ট এবং এনআইডি ও ১টি টয়োটা মাইক্রোবাস উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন এবং অর্থ পাচার চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে সেগুলো GSM Gateway ডিভাইসে ব্যবহার করে একই সঙ্গে শতাধিক সিম সক্রিয় রাখত। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ, প্রতারণার টাকা এবং অবৈধ লেনদেন পরিচালনা করা হতো। চক্রটি নিজস্ব জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
একেএস/এফএ