images

জাতীয়

বনানীতে দুই বিদেশি পিস্তলসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৬, ০১:০০ পিএম

রাজধানীর বনানী এলাকায় দুইটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগজিনসহ মো. জাহিদুল ইসলাম নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে পুরাতন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। 

তারিকুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় বাসার মালিক ও স্থানীয় লোকজনের সহায়তায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৯৬ হাজার ৩২০ টাকাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামি বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি। রাজধানীর ফার্মগেট এলাকায় যুবদল নেতাকে গুলি করে হত্যার সঙ্গে তিনি জড়িত বলে তথ্য রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ এই কর্মকর্তা।

একেএস/এএস