images

জাতীয়

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ 

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২৬, ১০:১০ পিএম

পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৮টি আধুনিক বহুতল আবাসন নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ পুরনো ভবন ভেঙে এসব আবাসন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (১৩ মে) রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শন শেষে কর্মী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই নতুন আবাসন নির্মাণের আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। আপনারা যত দ্রুত সহযোগিতা করবেন, আমরা তত দ্রুত আধুনিক আবাসন নির্মাণের কাজ সম্পন্ন করতে পারব।

2

তিনি জানান, মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মী কলোনিতে ১৮টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে।

আবদুস সালাম পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের স্বীকৃতি দিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান নাগরিক সুবিধা পাবেন। নতুন আবাসন প্রকল্পে শিশুদের জন্য খেলার মাঠ ও উপাসনালয়ের ব্যবস্থাও রাখা হবে। পরিচ্ছন্নতা কর্মীদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি গ্যাস বিল পরিশোধে ডিএসসিসির পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, কোরবানির বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করা হবে।

শহরের পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নির্ভর করে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। ড্রেন ও খালে ময়লা ফেলার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই নগরবাসীকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএইচ/এএইচ