images

জাতীয়

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির নিজস্ব ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনের বুফেতে খাবার খাচ্ছিলেন। তখন ভেতরে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে চারজন— আমির, শংকর, কাউছার ও আলআমিন—ক্যান্টিনের বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। দুপুরে রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। পরে কেউ একজন আগুন ধরাতেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের আশঙ্কা করছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে হাসপাতালে ১২ রোগী এসেছেন। কার কত শতাংশ দগ্ধ হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এমআইকে/এমআই