images

জাতীয়

ডাকাতি ও লুটপাট মামলায় জামায়াতের এমপির ভাগিনা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২৬, ০১:০৯ পিএম

‎রাজধানীর কদমতলী এলাকায় ১৯ লাখ টাকা ডাকাতির ঘটনায় ঢাকা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগিনাকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। তার নাম আসাদুজ্জামান সাব্বির।

‎মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় গ্রেফতার আসামিকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়।

আসাদুজ্জামান সাব্বির পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।

‎মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটে কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন কাঁচা রাস্তার ওপর ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসান তার প্রাইভেটকারে করে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের পথ রোধ করে। এ সময় আসামিরা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

‎হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই হামলায় মো. হাসান, রনি, মোতালেব এবং নয়নসহ অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন। হামলাকারীরা গাড়িতে থাকা ব্যবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

‎এ ঘটনার বিষয়ে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন বলেন, গ্রেফতার হওয়া সাব্বির আমার আপন ভাগিনা। সে পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। সে এ দেশেও থাকে না। আমার দূর্নাম করার জন্য ষড়যন্ত্র করে আমার ভাগিনাকে মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। মামলায় যে ঘটনা উল্লেখ করা হয়েছে সে সময় সে সেখানেই ছিল না। এ বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। পুরো বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

‎তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে আমার ভাগিনা দেশে আসে। সে সময় স্থানীয় যুবকদের নিয়ে আমার নির্বাচনে সে কাজ করে। এর ফলে আমি স্থানীয় যুবকদের সহায়তায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই। এরপর থেকে আমার প্রতিপক্ষ দলের লোকজন বিভিন্নভাবে আমার দূর্নাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরআগেও খেজুরকাণ্ড নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলেছে, আমি খেজুর এনে মার্কেটে বিক্রি করে দিয়েছি। অথচ, ডিসি অফিস থেকে খেজুর স্থানীয় কাউন্সিলর অফিসগুলোতে পৌঁছে দিয়েছিলো। এমন নানা রকম দূর্নাম ছড়াতে একটা পক্ষ ওঠে-পড়ে লেগেছে।

বিষয়টি ডিএমপির কদমতলী থানার ইনচার্জ (তদন্ত) সজিব কুমার বারৈ বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় একটা ডাকাতির ঘটনায় সাব্বির নামে একজন আসামিকে আমাদের থানায় হস্তান্তর করে। আজকে সকালে আমরা তাকে আদালতে প্রেরণ করে দিয়েছি।

‎একেএস/এএস