images

জাতীয়

পা বাঁধা ও ‍মুখে পর্দা গোজা অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

রাজধানীর পুরান ঢাকা এলাকার একটি ভাড়া বাসা থেকে নেসার আলী (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পা বাঁধা এবং মুখে পর্দা গোজা ছিল।

মঙ্গলবার (১২ মে) দুপুরে পুরান ঢাকার বাগডাসা লেনের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে বংশাল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি মাহফুজ।

বংশাল থানার একটি সূত্র জানিয়েছে, নিহত ব্যবসায়ীর গ্রামের বাড়ি যশোরে। তিনি গত দুই মাস ধরে বাসাটিতে একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। তার পরিবার গ্রামে থাকেন। 

ধারণা করা হচ্ছে, মুখে কাপড় গুজে শ্বাসরুদ্ধ করে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। 

এ বিষয়ে বংশাল থানার ওসি মাহফুজ ঢাকা মেইলকে বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

তিনি বলেন, ‘গতরাত ১২ থেকে সকাল ১১টার মধ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তার ছেলে এসেছে, মামলার প্রস্তুতি চলছে।’ 

ওসি মাহফুজ আরও বলেন, ‘যে বাসায় খুন হয়েছে, আমরা সেখানে কোনো সিসি ক্যামেরা পাইনি। ফলে আশপাশের ভবন ও সড়ক থেকে কোনো সিসি ফুটেজ পাওয়া যায় কি না, সেই চেষ্টা করছি।’ 

এমআইকে/এএইচ