নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬, ০৭:০৭ পিএম
তরুণদের তামাক আসক্তি রোধে তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধি এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, তামাকপণ্যের দাম বাড়ানো ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণ প্রজন্মকে আসক্তি থেকে রক্ষা করা সম্ভব নয়।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের সুরক্ষায় তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধির প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তুলি।
তিনি বলেন, ‘সংসদ অধিবেশনে তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরবো এবং সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবো।’
তুলি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা তরুণদের শক্তি ও সম্ভাবনা দেখছি। একদিকে তারা দেশকে এগিয়ে নিচ্ছে, অন্যদিকে তামাক কোম্পানিগুলো তাদেরকেই আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এই প্রবণতা রোধ করা জরুরি।’

তিনি বলেন, ‘তামাক কোম্পানিগুলো মুনাফার স্বার্থে তরুণদের লক্ষ্যবস্তু করছে, যা দেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি। তাই এসব পণ্যের দাম বাড়ানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধি করলে তরুণদের আসক্তি কমবে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠবে। আসন্ন বাজেটে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।’
এই নারী এমপি আরও বলেন, ‘তামাক শুধু জনস্বাস্থ্যের জন্য নয়, দেশের অর্থনীতি ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। হৃদরোগ, ক্যানসারসহ নানা অসংক্রামক রোগ বৃদ্ধির পেছনে তামাক বড় ভূমিকা রাখছে।’
সভায় সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি। এতে নারী মৈত্রী তামাকবিরোধী মায়েদের ফোরাম, শিক্ষক ফোরাম, সাংবাদিক ফোরাম এবং ইয়ুথ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তামাকপণ্যের দাম তুলনামূলক কম থাকায় তা সহজলভ্য রয়ে গেছে। ফলে তরুণ ও নিম্নআয়ের মানুষ বেশি ঝুঁকিতে পড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাফিউন নাহিন শিমুল বলেন, ‘দেশে তামাকপণ্যের খুচরা মূল্য কাঠামো দুর্বল হওয়ায় কর বৃদ্ধি কার্যকরভাবে কাজ করছে না। সঠিকভাবে মূল্য ও কর বৃদ্ধি করা হলে লক্ষাধিক মানুষ ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে এবং সরকারের রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।’
সভায় অংশগ্রহণকারীরা তামাকপণ্যের ওপর কার্যকর কর বৃদ্ধি করে তরুণদের সুরক্ষার দাবি জানান।
এএইচ/এএইচ