নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬, ০৪:১৫ পিএম
সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রথমে তিনি যুক্তরাষ্ট্র সফর করবেন, পরে এ মাসের শেষ দিকে মরক্কোয় অনুষ্ঠেয় ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্সে অন পিসকিপিংয়ে’ (শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন) যোগ দেবেন।
মঙ্গলবার (১২ মে) ভোরে শামা ওবায়েদ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সফর শেষে মরক্কোর উদ্দেশে যাত্রা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র আরও জানায়, এই সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
সব কর্মসূচি শেষে আগামী ২২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এএইচ