images

জাতীয়

মোহাম্মদপুরে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, পাল্টা গুলি

নিজস্ব প্রতিবেদক

১১ মে ২০২৬, ০২:৪৭ পিএম

‎রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।  পুলিশ আত্মরক্ষার্থে ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে একজন গুলিবিদ্ধ হয়।  এ সময় বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল ও খেলনা রিভলবারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।  সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

‎গ্রেফতারকৃতরা হলো-আপন দুই ভাই পলাশ ও সাকিব।  অপরজন তাদের আপন বোন জামাই বিপ্লব হোসেন।  পলাশ ও সাকিব গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানা লর হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকার লোকমান সরকারের সন্তান। 

‎পুলিশ জানায়, ধানমন্ডি ২৭ এলাকায় মোটরসাইকেলে করে ছিনতাই করছিল কয়েকজন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে মোহাম্মদপুরের দিকে চলে যায়।  তাদের পিছু নিলে টাউনহল এলাকায় হামলার শিকার হয় পুলিশ। আত্মরক্ষার্থে ছিনতাইকারীদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করলে একজন গুলিবিদ্ধ হয়। এ সময় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ছিনতাইকারীদের গ্রেফতারের খবরে থানায় ছুটে এসেছেন পুলিশের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার (এসপি) শামীমা ইয়াসমিন। 

তিনি বলেন, গত পরশুদিন (শনিবার) সকালে আমি রিকশা দিয়ে ল্যাবএইড এর সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে আমার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। আমি তাদের ধাওয়া করে অনেক সামনে চলে যাই। কিন্তু তাদের আর খোঁজ পাইনি।

‎তিনি আরও বলেন, প্রথমে আমি ভেবেছিলাম রিকশার সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগেছে। কিন্তু মুহূর্তের মধ্যেই দেখলাম আমার ব্যাগ টান দিয়ে নিয়ে চলে গেছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আজকে ছিনতাইকারী ধরার খবরে থানায় এসেছি আমার ফোন উদ্ধার হয়েছে কিনা। কিন্তু এসে পাইনি।

‎এ ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি প্রশাসন) মীর আসাদুজ্জামান বলেন, আমরা গতকাল রাত থেকে মোটরসাইকেলে করে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতার করার চেষ্টা করছিলাম। আজকে ভোরে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। খবর পেয়ে তাদের ধাওয়া করলে মোহাম্মদপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় আমরা মোহাম্মদপুর টাউনহল পর্যন্ত পৌঁছালে তারা হামলা শুরু করে।   

এ সময় ছিনতাইকারী চক্রের মোট ৫ জন ছিল। তাদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করলে এক ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হই।

‎তিনি আরও বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যরা এক পরিবারের সদস্য। তাদের মধ্যে পলাশ ও সাকিব আপন দুই ভাই। এছাড়াও, গ্রেফতার হওয়া আরেক শীর্ষ ছিনতাইকারী বিপ্লব তাদের আপন বোন জামাই।

একেএস/এআরএম