নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ১২:১০ পিএম
পবিত্র হজ-২০২৬ উপলক্ষে সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশি হজযাত্রীরা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৯ মে (সৌদি সময়) পর্যন্ত মোট ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১২৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইন্সে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২১ হাজার ১৪টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক দিয়েছে ১৩ হাজার ৭৮০টি সেবা।
এদিকে, চলতি বছর বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় মারা গেছেন দুজন। সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার শেষ হজ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।
এমআর/এরআরএম