জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ মে ২০২৬, ০৮:৪৬ এএম
বিগত সময়ে পুলিশে যে বিশৃঙ্খল অবস্থা ছিল কিন্তু তা এখন অনেকাংশে গুছিয়ে আনতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শুক্রবার (০৮ মে) রাজধানীর খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।
আগামী রোববার পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে তা নিয়ে আইজিপি বলেন, নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ উদ্যাপন করা হবে। পুলিশে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি।
আইজিপি বলেন, ঢাকা মহানগরীর সম্প্রসারণ, পূর্বাচল নতুন শহরকে কেন্দ্র করে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার দ্রুত বৃদ্ধি এবং ৩০০ ফিট এক্সপ্রেসওয়েকে ঘিরে জনসংখ্যা ও যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় খিলক্ষেত থানার আওতাধীন বরুয়া, ডুমনি, পাতিরা, তলনা ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
তিনি বলেন, এসব এলাকা থানা থেকে তুলনামূলক দূরে হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান কঠিন হয়ে পড়ে। পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধ, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক পুলিশি উপস্থিতির প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।
আইজিপি আরও বলেন, ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং প্রো অ্যাকটিভ পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে।
তিনি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিরাপদ সমাজ বিনির্মাণে জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
বর্তমানে পুলিশের পোশাকটি আগের বলা যাবে না, একটু পরিবর্তন রয়েছে জানিয়ে আলী হোসেন ফকির বলেন, দেশের জনগণের নিরাপদ বসবাসের জন্য পুলিশের যে দাবি-দাওয়া ছিল, অচিরেই তারা সেগুলো আমাদের দিচ্ছেন। আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতায় ফাইল গেলে সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নেই। এখন দিন বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে।
জনবল সংকট প্রসঙ্গে তিনি বলেন, পুলিশে আরও নতুন নিয়োগ হবে আবার প্রতিবছর কিছু লোক চলে যাচ্ছে। বিষয়গুলো নিয়ে সরকার অবহিত এবং তারা আমাদের নতুন অর্থবছরে নতুনভাবে কাজগুলো করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই নতুন ফাঁড়ি ভবন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সদর সপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআইকে/এএস