নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৬, ০২:০২ পিএম
বিশ্বজুড়ে তথ্য পরিবেশ এখন গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করেছে।
শুক্রবার (৮ মে) সকাল ৯টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৫৪৭ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
নিকোলাস উইকস বলেন, মিথ্যা তথ্য সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে, প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা ক্ষয় পাচ্ছে এবং সাংবাদিকেরা রাজনৈতিক, অর্থনৈতিক ও ডিজিটাল চাপের মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে গণমাধ্যমের কাজ শুধু মূল্যবান নয়, অপরিহার্য।
সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নিকোলাস উইকস বলেন, এটি শুধু সাংবাদিকদের সুবিধা নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার। সরকার বা অন্য কোনো পক্ষ যখন সাংবাদিকদের কণ্ঠরোধ করে, তখন তারা শুধু গণমাধ্যমকে নয়, জনগণের জানার অধিকারকেই আক্রমণ করে।
দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই)। এতে সারা দেশের সাড়ে চারশ’র বেশি সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস ও এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।
এসএইচ/এফএ