জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ মে ২০২৬, ০৭:৩৫ পিএম
সৌদি আরবের হজ বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য বাংলাদেশের নাগরিকদের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিনা অনুমতিতে হজ পালনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করেছে সৌদি সরকার।
বৃহস্পতিবার (৭ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হজের অনুমতিপত্র (পারমিট) ছাড়া হজ পালনের চেষ্টা করলে বিদেশি নাগরিকদের সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি পরবর্তী ১০ বছর তাদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৈধ অনুমতি ছাড়া হজ পালন করতে গিয়ে আটক হলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
বিজ্ঞপ্তিত উল্লেখ করা হয়েছে, যারা অবৈধ হজযাত্রীদের পরিবহন, আবাসন বা অন্য কোনো সহায়তা দেবে, তাদের ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা জিলকদ মাসের ১ তারিখ থেকে ১৪ জিলহজ পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ভিজিট ভিসাধারীরা মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। শুধুমাত্র দাপ্তরিকভাবে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন।
এছাড়াও সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। কোনো আইন অমান্যকারীর তথ্য পেলে নির্দিষ্ট নম্বরে (৯১১ বা ৯৯৯) কল করে জানাতে উৎসাহিত করা হয়েছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষায় সৌদি সরকারের এই নতুন ও সংশোধিত নিয়মগুলো গুরুত্বের সঙ্গে মেনে চলার জন্য বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বিশেষভাবে অনুরোধ করেছে।
বিইউ/এআর